রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল

পৃথিবীর দুই প্রান্তে থাকা দুই তারকা-বলিউড অভিনেতা রণবীর সিং এবং ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি-ঘিরে সম্প্রতি উঠে এসেছে এক অদ্ভুত মিলের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভারতীয় কিছু বিনোদনভিত্তিক প্রতিবেদনে বলা হচ্ছে, এই দুই তারকার মধ্যে রয়েছে একটি ব্যতিক্রমী অভ্যাসের সাদৃশ্য-তারা নাকি মিনারেল বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন।
যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রমাণ নেই, তবুও গুঞ্জনটি ইতোমধ্যেই অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, বলিউডের পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি (ওরি) এবং আরেক ইনফ্লুয়েন্সার ঋদ্ধিমা সামন্তর মধ্যে কথোপকথনের সময় উঠে আসে কিছু তারকার অদ্ভুত জীবনযাপনের বিষয়। সেখানে বলা হয়, বলিউডের কিছু তারকা শুটিং সেটে এমন শর্ত দেন যে তাদের জন্য আলাদা করে বোতলজাত পানির ব্যবস্থা রাখতে হয়, যা তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করেন।
ঋদ্ধিমা সামন্ত একটি পোস্টে দাবি করেন, “কিছু তারকা আছেন যারা শুটিংয়ের সময় বিসলেরি বা বোতলজাত পানি দিয়ে গোসল করার মতো বিশেষ অনুরোধ করেন। এমনকি প্রযোজকদের আগেই সেই ব্যবস্থাও রাখতে হয়।” তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে ওই পোস্টের কমেন্টে ওরি মজা করে প্রতিক্রিয়া জানালে বিষয়টি আরও আলোচনায় আসে। তিনি ইঙ্গিত দেন যে এমন কিছু বিষয় আগে থেকেই গোপন চুক্তির আওতায় থাকে এবং তা প্রকাশ্যে না আনার অনুরোধ থাকে।
এদিকে আরও একটি দাবি সামনে আসে এক অজ্ঞাত নেটিজেনের মাধ্যমে, যিনি নিজেকে একটি সিনেমার কস্টিউম বিভাগের সদস্য বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, এক জনপ্রিয় অভিনেতার ভ্যানিটি ভ্যানে ভোরবেলা বোতলজাত পানি পৌঁছে দেওয়া হতো, যাতে তিনি সেই পানি ব্যবহার করে গোসল করতে পারেন।

এই ঘটনাগুলোই রণবীর সিংয়ের সঙ্গে যুক্ত করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে নিয়েও একই ধরনের একটি পুরনো মন্তব্য আবার সামনে এসেছে। কয়েক বছর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, আউটডোর শুটিংয়ের সময় অনেক সময় তাকে মিনারেল ওয়াটার ব্যবহার করে গোসল করতে হয়। তবে তার সেই বক্তব্যকে অনেকেই প্রেক্ষাপটভিত্তিক ও পরিস্থিতিনির্ভর বলে ব্যাখ্যা করেছিলেন।
বর্তমানে এই দুই আলাদা তথ্যকে একত্র করে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কেউ বিষয়টিকে তারকাদের বিলাসী জীবনযাপনের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত গুজব বলেও মন্তব্য করছেন।
ভিওডি বাংলা/জা







