সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার ২ মে বিকাল ৪ টায় সারাদেশের সঙ্গে একযোগে এ প্রতিযোগিতার ভার্চ্যুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সাতক্ষীরায় খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-২ সদর-দেবহাটা আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ জেলা প্রশাসন ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা , ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উদ্বোধনের আগে ৭ উপজেলার দলীয় নেতা হিসেবে উপজেলা নির্বাহী অফিসাররা দলীয় পতাকা উত্তোলন করেন।
উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।
সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে-ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট।
খেলাগুলো সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর এবং সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ







