ছাত্রীদের জন্য কমফোর্ট জোন নির্মাণ, প্রশংসা স্থানীয়দের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির উদ্যোগে নির্মিত একটি আধুনিক কমফোর্ট জোন (ওয়াশরুম) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুর ১২টায় উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) প্রাঙ্গণে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত এ কমফোর্ট জোনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম খান, সাধারণ সম্পাদক হাসনিন আখতার (এ্যানি), সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন দুলাল, কোষাধ্যক্ষ মেহেবুবা ফেরদৌস, একেএম আব্দুস সালাম তুহিন, প্রকৌশলী মাহবুব আলম খান, লালমনিরহাট রোটারির সভাপতি কাসেম আলী, সদস্য রফিকুল ইসলাম, ফুলবাড়ী একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রধান শিক্ষক লিয়াকত আলী প্রামাণিক, সাবেক প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন, গোলাম কিবরিয়া সরকার লাকুসহ আরও অনেকে। এছাড়া শিক্ষার্থী জুই খাতুন ও সিনহা খন্দকারও বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ওয়াশরুম শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; এটি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ছাত্রীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ







