গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার

তামিলনাড়ুতে গরু জবাই পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার ভারতের সুপ্রিম কোর্টে গেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার। বিষয়টি ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম India Today–এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ঈদুল আজহার সময় প্রকাশ্যে পশু কোরবানি বন্ধের দাবিতে দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানি শেষে মাদ্রাজ হাইকোর্ট রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে।
রায়ে বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ ১৯৭৬ সালের সরকারি আদেশ বাস্তবায়নে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন। ওই আদেশে গরুর উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছিল।
তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, হাইকোর্টের নির্দেশনা রাজ্যে বিদ্যমান আইন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আবেদনে বলা হয়েছে, ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’ অনুযায়ী ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন সক্ষমতা হারানো গরু ও বাছুর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যায়। ফলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আইনটির পরিপন্থি।
এ ছাড়া আরও কয়েকটি আইনের উল্লেখ করে রাজ্য সরকার অভিযোগ করেছে, গরু জবাইয়ে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মাদ্রাজ হাইকোর্ট আইনসভার এখতিয়ারে হস্তক্ষেপ করেছে এবং আদালত তার ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
এদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধান বিরোধী দল ডিএমকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাংবিধানিক বিধান রক্ষার উদ্যোগ হিসেবে সমর্থন জানিয়েছে। অন্যদিকে বিজেপি এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে। এর আগে দলটির স্থানীয় নেতারা মাদ্রাজ হাইকোর্টের পূর্ণ নিষেধাজ্ঞার রায়কে স্বাগত জানিয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








মন্তব্য