রুনা লায়লা পাচ্ছেন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা

দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
জানা গেছে, ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়-এর অঙ্গ সংস্থার আয়োজনে উৎসবটি আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্মাননা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা লিখেছেন, মর্যাদাপূর্ণ এই সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য তিনি উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা পাঠানো এক চিঠিতে রুনা লায়লার প্রশংসা করে বলেন, তাঁর সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রুনা লায়লা এই সম্মাননা গ্রহণ করলে তা শুধু উৎসবের জন্য নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করবে।
ভিওডি বাংলা/আ







