বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট নতুন করে যাচাই-বাছাই প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু বন্ধ থাকবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, এসব দেশের কিছু অভিবাসীর মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও অন্যান্য যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়া স্থগিত থাকবে।
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। পর্যটক, শিক্ষার্থী, ব্যবসা কিংবা অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে https://ow.ly/CuZa50YoYiW -লিংকে ভিজিট করতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে:
ইরান, বাংলাদেশ,পাকিস্তান, মিয়ানমার,গুয়াতেমালা, নেপাল, আফগানিস্তান,মরক্কো, কুয়েত, আলবেনিয়া,ব্রাজিল, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গিনি, হাইতি, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







