দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশজুড়ে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যেই আজ দুপুরের মধ্যে উত্তরাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বিশেষ সতর্কবার্তায় বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমানে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







