ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালক থেকে প্রাথমিকের ডিজি শাহীনা ফেরদৌসী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘ডেইরি উন্নয়ন বোর্ড’-এর পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
বুধবার (২২ এপ্রিল) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিসিএস প্রশাসনের অভিজ্ঞ এই কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের শিক্ষা সংস্কার ও স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে শাহীনা ফেরদৌসী কাজ করবেন। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তার নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাবে।
প্রজ্ঞাপন জারির পর দ্রুতই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে।
পৃথক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অতিরিক্ত সচিব শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ভিওডি বাংলা/সম্রাট/এসআর







