মুজীবপ্রেমী ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে সদ্য ঢাকার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের পর থেকেই দেশজুড়ে বইছে আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে 'বঙ্গবন্ধু মরে নাই' গানটি গাইতে দেখা যাওয়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদলের আদেশ জারি করা হয়। এতে ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ফরিদা খানম।
আজ ফরিদা খানমের নিয়োগের খবর প্রকাশের পরেই একটি পুরোতন ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় ফরিদা খানম অত্যন্ত বেসুরা গলায় 'বঙ্গবন্ধু মরে নাই' গানটি পরিবেশন করছেন।
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট ভারতের দেহরাদুনে একটি সরকারি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সময় ফরিদা খানম ‘বঙ্গবন্ধু মরে নাই’ গানটি পরিবেশন করেছিলেন।
তবে ফরিদা খানমকে ঘিরে আলোচনা শুধু ওই ভিডিওকে কেন্দ্র করে নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ পান। ডিসির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। বালুমহাল ইজারা সংক্রান্ত অনিয়ম, সরকারি জমি বন্দোবস্তে নিয়ম লঙ্ঘন, রেকর্ড জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং এক খাতের তহবিল অন্য খাতে স্থানান্তরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এক বছরের মধ্যেই তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়।
এসব অভিযোগের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিষয়ে অনুসন্ধান শুরু করে বলে জানা যায়।
বর্তমান সরকার গঠনের পর জনপ্রশাসনের বিভিন্ন স্তরে যখন পরিবর্তনের হাওয়া বইছে, তখন বিতর্কিত ব্যাক গ্রাউন্ড এবং 'মুজীবপ্রেমী' একজনকে ঢাকার ডিসি করার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। নেটিজেনদের দাবি, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির কর্মকর্তাদের বাদ দিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা বা তোষামোদির ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
ভিওডি বাংলা/আরকেএইচ/আ







