মনোনয়ন না পেলেও থামছেন না মেহনাজ রহমান খান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন না পেলেও ইতিবাচক মনোভাব ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মেহনাজ রহমান খান। ছোটবেলায়, মাত্র সাড়ে তিন বছর বয়সে তিনি খালেদা জিয়াকে বলেছিলেন—বড় হয়ে তিনিও তার মতো হবেন। সেই কথার প্রতিফলন হিসেবেই তিনি এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অংশ নেন।
মনোনয়ন না পেলেও বিষয়টিকে কোনোভাবেই ব্যর্থতা হিসেবে দেখছেন না মেহনাজ। বরং এটিকে তিনি দেখছেন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও ব্যক্তিগত অর্জন হিসেবে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রথমেই যারা আজ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি দোয়া করি, তারা যেন নিষ্ঠা, প্রজ্ঞা ও আন্তরিকতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন।”
তিনি আরও বলেন, “এই প্রক্রিয়ার অংশ হতে পারাটাই আমার জন্য বড় প্রাপ্তি। সাহস করে নিজেকে উপস্থাপন করা এবং মাননীয় প্রধানমন্ত্রীরসহ সম্মানিত প্যানেলের সামনে কথা বলার সুযোগ পাওয়াটাই আমার কাছে এক ধরনের ব্যক্তিগত বিজয়।”
গত কয়েক দিনের অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে মেহনাজ জানান, এই সময়টুকু তার জীবনের অন্যতম অর্থবহ স্মৃতি হয়ে থাকবে। “এই মুহূর্তগুলো আমি কৃতজ্ঞতা, গর্ব ও প্রেরণার সঙ্গে মনে রাখব,”—যোগ করেন তিনি।
নির্বাচন কমিটির সিদ্ধান্তের প্রতিও পূর্ণ সম্মান জানিয়ে তিনি বলেন, “তারা যাদের নির্বাচিত করেছেন, নিশ্চয়ই দেশের সেবায় তারা সর্বোত্তম ভূমিকা রাখতে পারবেন—এই বিশ্বাস রাখি।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহনাজ রহমান খান বলেন, এটি কোনো সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ পথচলার শুরু। “আমি যে অবস্থানেই থাকি না কেন, আমার লক্ষ্য একটাই—দেশের কল্যাণে কাজ করা,”—বলেন তিনি।
সবশেষে যারা তাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য অমূল্য।”
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







