দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান শুরু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে
এই বিশেষ কর্মসূচির আওতায় দেশের ১৮টি জেলা, ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
কর্মসূচিটি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
দেশজুড়ে একযোগে কার্যক্রম
কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আগের ধাপেও শুরু হয়েছিল কার্যক্রম
এর আগে ৫ এপ্রিল ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে এই কার্যক্রম চালু করা হয়।
টিকাদানের সময়সূচি
সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
ভিওডি বাংলা/আ







