{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে পেপাল চালুর উদ্যোগে কমিটি গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পি.এম.
দেশে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা পেপাল চালুর লক্ষ্যে কমিটি গঠন ও কার্যক্রম অগ্রগতির তথ্য জানালেন প্রধানমন্ত্রী:ছবি-ভিওডি বাংলা
দেশে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা পেপাল চালুর লক্ষ্যে কমিটি গঠন ও কার্যক্রম অগ্রগতির তথ্য জানালেন প্রধানমন্ত্রী:ছবি-ভিওডি বাংলা

দেশে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাই-টেক পার্ক, আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযোগ আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে পেপালের কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কমিটি কাজ করছে। সরকারের লক্ষ্য হলো দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের সঙ্গে যুক্ত পেশাজীবীদের আন্তর্জাতিক লেনদেন সহজ করা।

তিনি আরও বলেন, বৈশ্বিক অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি আরও গতিশীল হবে এবং বৈদেশিক আয়ের সুযোগও বাড়বে।

এর আগে বিভিন্ন সময় পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছিল। বিশেষ করে গত কয়েক বছরে আন্তর্জাতিক এই পেমেন্ট সেবাটি দেশের বাজারে প্রবেশের বিষয়ে আলোচনা ও আগ্রহ বাড়ে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে নতুন করে উদ্যোগ লক্ষ্য করা যায়।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারে। তিনি উল্লেখ করেন, ফ্রিল্যান্সিং, আইটি ও ই-কমার্স খাতে লেনদেন আরও সহজ ও নিরাপদ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সেই সময় পেপালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করে বলে জানা যায়।

বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত পেপাল একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা সহজে করা যায়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী