পঞ্চগড়ে ছাতনাই নদী খনন উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাতনাই নদী খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিবেশের ক্ষতি করে এমন ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলার আহ্বান জানান।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউক্যালিপ্টাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে এবং মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। তাই এ ধরনের গাছ লাগানো থেকে বিরত থেকে ফলদ, ঔষধি ও বনজ গাছ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশের নদ-নদী, খাল-বিল ও জলাশয় পুনরুদ্ধারে সরকার কাজ করছে। একটি সময় ছাতনাই নদীতে সারা বছর পানি প্রবাহ ছিল এবং এটি স্থানীয় কৃষি ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীটি ভরাট হয়ে বর্তমানে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া জলাধারগুলো পুনরুজ্জীবিত করে পানি সংরক্ষণ নিশ্চিত করা হবে, যা কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, নদী খনন কার্যক্রম শুধু পানি প্রবাহ ফিরিয়ে আনবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। খনন শেষে নদীর দুই পাড়ে ফলজ গাছ লাগানো হবে এবং মাছ চাষের পাশাপাশি হাঁস পালনও উৎসাহিত করা হবে। এতে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার নদী খনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই কাজ বাস্তবায়ন করবে।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পে প্রায় এক হাজার শ্রমিক যুক্ত হবেন, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খনন কাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।
স্থানীয়রা আশা করছেন, নদীটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা







