• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চারুকলা থেকে ঢোল-বাদ্যে বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এ.এম.

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ঢোল-বাদ্যের তালে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হওয়া এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। সকাল থেকেই চারুকলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন উৎসবপ্রেমীরা। রঙিন পোশাক, মুখোশ ও বাদ্যযন্ত্রের তালে তালে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ।

এবারের শোভাযাত্রায় অংশ নেয় প্রায় ২০০ শিক্ষার্থী, যারা বহন করেন জাতীয় পতাকা। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। লোকঐতিহ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে নানা দৃষ্টিনন্দন মোটিফ। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে নির্মিত বাঘ, হাতি, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশা। এতে বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ-মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। প্রতিটি প্রতীকই শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার বার্তা বহন করে। শিক্ষার্থীদের হাতে তৈরি এসব শিল্পকর্মে ফুটে ওঠে বাংলার লোকসংস্কৃতির নান্দনিক রূপ।

নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নেয় কঠোর ব্যবস্থা। অংশগ্রহণকারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়। ক্যাম্পাসে মুখোশ পরে প্রবেশ, ব্যাগ বহন, ইংরেজি প্ল্যাকার্ড, বেলুন, ফেস্টুন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়। এছাড়া ভুভুজেলা বাঁশি ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে।

ক্যাম্পাসজুড়ে বসানো হয় সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে। দোয়েল চত্বর ও কার্জন হলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে স্থাপন করা হয় হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আরও কয়েকদিন। ১৫ ও ১৬ এপ্রিল মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা।

বৈশাখী শোভাযাত্রার এই আয়োজন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণে গান-নৃত্যে মুখর ঢাবির বটতলা
বর্ষবরণে গান-নৃত্যে মুখর ঢাবির বটতলা
কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৈশাখে কমছে পান্তা-ইলিশের জৌলুস
বৈশাখে কমছে পান্তা-ইলিশের জৌলুস