প্রধানমন্ত্রী:
এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সশস্ত্র বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাদের পেশাদার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি জাতীয় উন্নয়ন কার্যক্রমেও সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা সজাগ থাকতে হবে। দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সততা, শৃঙ্খলা, ত্যাগ ও দায়িত্ববোধকে ধারণ করে দেশের প্রতি ভালোবাসা ও আস্থা অটুট রাখার নির্দেশনাও দেন তিনি।
দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/জা







