এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল এফসি বার্সেলোনা। শনিবার ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে ম্যাচে জোড়া গোল করেন ফেরান তোরেস। ম্যাচের ৯ মিনিটে লামিন ইয়ামাল-এর কর্নার থেকে হেডে প্রথম গোল করেন তিনি। এরপর ২৫ মিনিটে ইয়ামালের চমৎকার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস। শেষ পর্যন্ত অফসাইডের কারণে হ্যাটট্রিক পূরণ করা হয়নি তার।
১৮ বছর বয়সী ইয়ামাল লা লিগায় নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। দুটি অ্যাসিস্টের পাশাপাশি দলের তৃতীয় গোলটিও আসে তার পা থেকে।
২-০ গোলে পিছিয়ে থাকার পর পল লোজানোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এস্পানিওল। কিছু সময় বার্সেলোনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরেন ফ্রেঙ্কি ডি ইয়ং। মাঠে নামার পরপরই দলের আক্রমণে গতি আনেন তিনি। তার পাস থেকেই শেষ দিকে চতুর্থ গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।
শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও শেষ মুহূর্তে ডি ইয়ংয়ের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন র্যাশফোর্ড।
এর আগে রিয়াল জিরোনার সঙ্গে ড্র করায় বার্সেলোনার জন্য এই জয় ছিল গুরুত্বপূর্ণ। এই জয়ে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯, আর রিয়াল মাদ্রিদের ৭০।
শিরোপার পথে বড় ধাপ ফেললেও এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ ইউরোপের প্রতিযোগিতা। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদর মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে ২-০ গোলে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
ভিওডি বাংলা/আ







