লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি মহলে শোকের ছায়া নেমে এসেছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় সংঘটিত হামলায় তিনি প্রাণ হারান। নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবা শেখ মোফাজ্জল এবং মা রোজিনা খাতুন।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে সংরক্ষিত রয়েছে। মরদেহ শনাক্তকরণসহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।
বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় দিপালীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই হামলায় দিপালীর নিয়োগকর্তা (কফিল) এবং তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রের মাধ্যমে পাওয়া এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ ও অন্যান্য প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বিবেচনায় ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







