দীর্ঘদিন পর সচল হলো টেকনাফ স্থলবন্দর

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আবার সচল হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বন্ধ থাকা এই বন্দর সোমবার (৬ এপ্রিল) থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে অবস্থিত স্থলবন্দর পরিদর্শন শেষে এক বৈঠকে এ ঘোষণা দেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি বলেন, স্থলবন্দর চালু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। “ইতোমধ্যে আমরা ব্যবসায়ী, বিজিবি, কোস্ট গার্ডসহ সবার সঙ্গে আলোচনা করেছি। এছাড়া সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস, এনবিআরসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে জনগণের দাবির প্রেক্ষিতে আজ থেকে এই কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখতে চায় এবং মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই এ কার্যক্রম পরিচালিত হবে। সেই লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দর আবার চালু করা হয়েছে।
এদিকে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা ছিল। তবে এখন পণ্য আমদানি-রফতানিতে বড় কোনো বাধা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বন্দর কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে।
এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







