তালেবানদের হাত থেকে বেঁচে ফেরা নূরের গল্প

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’-এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম সম্প্রতি তার জীবনের রুদ্ধশ্বাস এক অধ্যায় তুলে ধরেছেন। ৪ এপ্রিল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কীভাবে ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত হয়ে মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসেন।
পরিচালক রেদওয়ান রনি এবং অভিনেতা আফরান নিশো অভিনীত এই সিনেমাটি নূর ইসলামের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা পারভীন।
নূর ইসলাম সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন এবং আফরান নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অভিহিত করেন। একইসঙ্গে তিনি অপহরণের সময়কার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, ভূ-রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কিছু ভিত্তিহীন অভিযোগের কারণে তাকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে তাকে গাধার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল মৃত্যুদণ্ড কার্যকরের জন্য।
নূর ইসলাম বলেন, “আমি ঠিকমতো পানিও খেতে পারছিলাম না। গাধা হাঁটতে শুরু করলে স্ত্রীর পরামর্শ অনুযায়ী ‘দোয়া ইউনূস’ পড়তে থাকি। ওরা আমাকে জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। আমি জোরে জোরে দোয়া পড়ছিলাম।”
তিনি আরও বলেন, “হঠাৎ অনুভব করলাম শরীর গরম হয়ে গেছে, এক অদ্ভুত শক্তি কাজ করছে। চার ঘণ্টা ধরে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষে কমান্ডারের নির্দেশে তারা আমাকে ছেড়ে দেয়। তখন তারা বলে-‘তোর ওপর আল্লাহর রহমত আছে, তোকে আর মারা যাবে না।’”
১৮ বছর পর নিজের জীবনের এই গল্প সবার সামনে আসায় কৃতজ্ঞতা জানান নূর ইসলাম। তিনি ধন্যবাদ দেন নির্মাতা রেদওয়ান রনি এবং প্রযোজক শাহরিয়ার শাকিলকে।
তিনি বলেন, “এই গল্প শুধু আমার নয়, এটা মানুষের দোয়া আর বিশ্বাসের গল্প। আমি বিশ্বাস করি, আল্লাহর রহমত এবং সবার দোয়াতেই আমি বেঁচে আছি।”
বর্তমান প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “এই ৮৪ দিনের ঘটনা দুই ঘণ্টার সিনেমায় পুরোটা দেখানো সম্ভব নয়। তবে একটা কথা মনে রাখতে হবে-যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ হাল ছাড়া যাবে না।”
স্ত্রীর সংগ্রামের গল্প
সংবাদ সম্মেলনে নূর ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন তার লড়াইয়ের কথাও তুলে ধরেন। স্বামী জীবিত আছেন-এই বিশ্বাস নিয়েই তিনি দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে যান।
তিনি বলেন, “আমার মনে হতো সে বেঁচে আছে। সবাই বলত আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি বিশ্বাস হারাইনি। বিভিন্ন অফিসে গেছি, সাংবাদিকদের কাছে গেছি। অনেকেই বিরক্ত হয়েছেন, কিন্তু আমার আর কিছু করার ছিল না।”
তিনি জানান, গণমাধ্যমের সহায়তায় তার বিশ্বাস আরও দৃঢ় হয় এবং শেষ পর্যন্ত স্বামীকে ফিরে পান।
অভিনয়শিল্পীদের অভিজ্ঞতা
সিনেমায় নূর ইসলামের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী।
আফরান নিশো বলেন, “নূর ভাই ও তার স্ত্রীর ভেতরে এখনও সেই দিনের ক্ষত রয়ে গেছে। আমরা যখন তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তখন সেই কষ্ট খুব কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতার পুরোটা পর্দায় দেখানো সম্ভব নয়।”
পূজা চেরী আবেগাপ্লুত হয়ে বলেন, “উনারা বাস্তব জীবনের নায়ক–নায়িকা। আমি আমার চরিত্রের অনুপ্রেরণা তাদের কাছ থেকেই নিয়েছি।”
নির্মাতার অনুভূতি
২০২৩ সালে নূর ইসলামের গল্পটি প্রথম পড়েন নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানান, গল্পটি তাকে গভীরভাবে নাড়া দেয়।
রনি বলেন, “গল্পটি পড়ার সময় কেঁদেছি। নূর ভাইয়ের সঙ্গে বসে গল্প শোনার সময় আমরা একসঙ্গে কেঁদেছি। তার ডায়েরি পড়েই বুঝেছি-এটা শুধু একটি গল্প নয়, এটা বেঁচে থাকার লড়াইয়ের গল্প।”
তিনি আরও বলেন, “আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল, নূর ভাই সিনেমাটি দেখে কী বলবেন। তিনি যখন আমাদের জড়িয়ে ধরলেন, তখনই বুঝেছি আমরা সঠিক কাজটি করতে পেরেছি।”
মুক্তি ও প্রযোজনা
‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, দেশের সর্বত্র দর্শকদের কাছে পৌঁছে দিতে সিনেমাটি শিগগিরই সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাবে।
তিনি বলেন, “এটি বাংলাদেশের গল্প, সাহসের গল্প। আমরা চাই সবাই এই গল্পটি পড়ুক।”
ভিওডি বাংলা/জা







