অফিসে ৪০ মিনিট বাধ্যতামূলক

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান নিশ্চিত করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এসব নির্দেশনাসহ অন্যান্য দায়িত্বশীল আচরণের বিষয়ে নিয়মিত প্রতিপালনের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নিম্নলিখিত বিষয়গুলো প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ:
- অফিস চলাকালীন সময়ে শুধুমাত্র প্রয়োজনীয় লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
- এয়ার কন্ডিশনার ব্যবহারের সময় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।
- অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে।
- করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখতে হবে।
- দিনের আলো পর্যাপ্ত থাকলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
- অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও হাতল নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
- জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে।
- সব দপ্তর/সংস্থা/কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠন করে নির্দেশনা মনিটর করতে হবে।
নোটিশে সতর্ক করা হয়েছে, সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা বা অতিরিক্ত জ্বালানি ব্যবহার গ্রহণযোগ্য নয়।
ভিওডি বাংলা/আ







