কোরবানির ঈদে মুক্তির প্রস্তুতিতে নিরবের নতুন সিনেমা

গত বছর লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন এবং কালো জ্যাকেটে ভিন্ন লুকে দর্শকদের সামনে এসেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। তখন প্রকাশ করা হয়েছিল তার নতুন সিনেমা ‘শিরোনাম’-এর ফার্স্ট লুক। একই সঙ্গে জানানো হয়েছিল, ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাবে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়।
এবার নতুন করে কোরবানির ঈদকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি নিচ্ছে অনিক বিশ্বাস পরিচালিত সিনেমাটি। তবে মুক্তির আগে বদলে যাচ্ছে ছবির নামও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুটিং অসম্পূর্ণ থাকায় গত কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে কয়েক দফা শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও শিল্পীদের শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে আগামী সপ্তাহ থেকে আবারও শুরু হচ্ছে বাকি অংশের দৃশ্যধারণ।
এ বিষয়ে নিরব হোসেন বলেন, ‘সিনেমাটির বেশির ভাগ কাজ গত বছরই শেষ হয়েছে। এখন শুধু একটি গান ও একটি ফাইটিং দৃশ্যের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহে টানা কাজ করে বাকি অংশও শেষ করা হবে।’
শুটিং শেষ হতে দেরি হওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, বড় কোনো জটিলতা ছিল না। বরং নির্মাতা ও টিম চেয়েছিল কাজটি তাড়াহুড়ো না করে সময় নিয়ে সম্পন্ন করতে। একই সঙ্গে নায়িকা ববি কিছু সময় দেশের বাইরে ছিলেন। নিরব নিজেও লন্ডন ও সৌদি আরব সফরে থাকায় সবার সময় মিলিয়ে শুটিংয়ের সূচি ঠিক করতে সময় লেগেছে।
নিরব আরও জানান, সিনেমাটি নতুন নামে মুক্তি পাবে। তবে আপাতত সেই নাম প্রকাশ করতে চাননি তিনি। শিগগিরই নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।
ঈদে মুক্তির সিদ্ধান্ত নিয়ে নিরবের ভাষ্য, বর্তমানে দেশের চলচ্চিত্র শিল্প অনেকটাই দুই ঈদকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ সময় প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি তুলনামূলক বেশি থাকায় নির্মাতারাও এই সুযোগ কাজে লাগাতে চান। সে কারণেই ঈদকে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
তবে তিনি মনে করেন, শুধু ঈদ নয়, সারা বছরজুড়েই সিনেমা মুক্তির সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি। নিরব বলেন, আগে প্রায় প্রতি শুক্রবার নতুন ছবি মুক্তি পেত। এখন অন্তত বিভিন্ন উৎসব ও বিশেষ দিনকে কেন্দ্র করেও নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা হওয়া উচিত। ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা পূজার সময়ও হতে পারে নতুন ছবির মুক্তির উপযুক্ত সময়।
জানা গেছে, বর্তমান সময়ের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে সমসাময়িক নানা বিষয় উঠে আসবে। ছবিতে নিরব অভিনয় করছেন ইব্রাহিম নামের একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে তাকে লম্বা চুলের একাধিক ভিন্ন লুকে দেখা যাবে।
নিরব ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি ও দিলরুবা দোয়েলসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/এমআই/আ







