• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বলিউড সিরিজে বাজিমাত শুভর, ভারতীয় গণমাধ্যমে প্রশংসার ঝড়

বিনোদন প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পি.এম.
‘জ্যাজ সিটি’তে ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম। কোথাও তাকে বলা হচ্ছে ‘স্ট্যান্ডআউট লিড’, কোথাও বা সিরিজটির সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার অভিনয়কে।

একের পর এক ইতিবাচক মূল্যায়ন স্পষ্ট করে দিচ্ছে, আরিফিন শুভ এখন আর শুধু দেশের তারকা নন; ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক পরিসরেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন একজন পরিচিত ও গ্রহণযোগ্য অভিনেতা হিসেবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার-এর ভারতীয় সংস্করণ ‘জ্যাজ সিটি’ নিয়ে তাদের পর্যালোচনায় লিখেছে, সিরিজটির সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়। তাদের ভাষ্য অনুযায়ী, তার পারফরম্যান্সই দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ।

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মূল্যায়নে, শক্তিশালী অভিনয়ই এই নির্মাণকে আলাদা মাত্রা দিয়েছে।

ডিজিটালভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম স্ক্রল তাদের পর্যালোচনায় আরিফিন শুভকে ‘জিমি’ চরিত্রের জন্য ‘স্মার্ট চয়েস’ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, চরিত্রটির ভেতরের পরিবর্তন ও স্তরগুলো তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার অভিনয়ে সবসময়ই একটি পরিশীলিত সৌন্দর্য ও স্বচ্ছন্দ উপস্থিতি বজায় থাকে। এমনকি সিরিজের কিছু সীমাবদ্ধতার মধ্যেও শুভর উপস্থিতি দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ।

ভারতের আর্থিক ও বিশ্লেষণভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল জানিয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনয়ই সিরিজটিকে আকর্ষণীয় করে রেখেছে।

বিনোদনকেন্দ্রিক পোর্টাল এম৯ নিউজ বলছে, আরিফিন শুভ তার চরিত্রে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি এনেছেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে চরিত্রটি বহন করেছেন।

ডিজিটাল সংবাদমাধ্যম নিউজবাইটস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুভর পারফরম্যান্সই সিরিজটিকে দর্শকের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

বলিউডভিত্তিক প্ল্যাটফর্ম লেটেস্টলি আরিফিন শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ হিসেবে উল্লেখ করেছে, যা তার অভিনয়ের স্বতন্ত্র শক্তিকে সামনে এনেছে।

এছাড়া চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল বাপ অব মুভিজ বলছে, আরিফিন শুভ সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন।

ভারতের জনপ্রিয় হিন্দি সংবাদপত্র আমার উজালা তাদের পর্যালোচনায় লিখেছে, জিমি রায় চরিত্রে আরিফিন শুভ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রে আকর্ষণ ও অন্তর্দ্বন্দ্ব—দুটোই ফুটে উঠেছে।

অন্যদিকে, আঞ্চলিক বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলা মন্তব্য করেছে, এই চরিত্রের জন্য আরিফিন শুভকে তার ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন।

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভর অভিনয় নিয়ে যে ধারাবাহিক প্রশংসা দেখা যাচ্ছে, তা শুধু এই কাজটির গ্রহণযোগ্যতাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থানকে আরও দৃঢ় করছে।

গত ১৯ মার্চ সনি লিভে মুক্তির পরপরই ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টা দৈর্ঘ্যের এই সিরিজটি। মুক্তির পর থেকে এখনো আলোচনায় রয়েছে ‘জ্যাজ সিটি’। পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রায় চরিত্রকে কেন্দ্র করে, আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ।

এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া এতে আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ।

ভিওডি বাংলা/এমআই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’