দেশে আজ স্বর্ণের বাজার দর কত?

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দামের ঊর্ধ্বগতির প্রভাবে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে কার্যকর হয়েছে এবং বুধবার (১ এপ্রিল) সকালেও অপরিবর্তিত রয়েছে।
সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় লেনদেন হচ্ছে।
এর আগে ২৮ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হলে ২২ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
চলতি বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত দেশে মোট ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালেও বাজারে অস্থিরতা ছিল; ওই বছরে মোট ৯৩ বার দামের সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বারই দাম বৃদ্ধি পায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও মঙ্গলবার থেকে বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম মোট ৩০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বারই দাম বেড়েছে।
মূলত স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণ ও রুপার সরবরাহ এবং আন্তর্জাতিক মূল্যের প্রভাব বিবেচনায় বাজুস এই নতুন দর নির্ধারণ করেছে, যা মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়ে বুধবারও বহাল রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







