• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৩ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা ভারী বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। আকস্মিক এ দুর্যোগে প্লাবিত হয়েছে অন্তত ৩৩টি গ্রাম। পানিবন্দি হাজারো মানুষের উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে নিতে মাঠে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা।

শুক্রবার (১০ জুলাই) পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতের অন্ধকারে কয়েক দিনের টানা বর্ষণের পর খোয়াই নদীর তীব্র স্রোতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রধান প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়।

বাঁধ রক্ষায় ফায়ার সার্ভিস ও স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা চেষ্টা চালালেও পানির প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামত সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে অন্তত ৩৩টি গ্রাম প্লাবিত হয় এবং বহু বাড়িঘরে কোমর থেকে বুকসমান পানি উঠে যায়। ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

বন্যার পানিতে বসতভিটা ডুবে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ, নারী ও শিশুরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন এবং বিভিন্ন উপায়ে তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

শুধু মানুষই নয়, বন্যাকবলিত এলাকার গৃহপালিত পশুপাখিও উদ্ধার করছেন ভিডিপি সদস্যরা। একই সঙ্গে তারা দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে বন্যাদুর্গত মানুষের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দেশের সব বন্যাকবলিত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সাধ্যমতো সর্বাত্মকভাবে সহায়তার নির্দেশ দিয়েছেন।

এ নির্দেশনার অংশ হিসেবে জেলা কমান্ড্যান্ট ও উপজেলা পর্যায়ের আনসার কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন।

জাতীয় দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের সহায়তায় নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। হবিগঞ্জের চলমান বন্যা পরিস্থিতিতেও দুর্গত মানুষের নিরাপত্তা ও সহায়তায় বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে কাজ অব্যাহত রেখেছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বন্যায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত সহায়তা পৌঁছে দিতে কাজ করছে প্রশাসন
ছবি: ভিওডি বাংলা
খোয়াই নদের ভাঙনে পানিবন্দী শত শত পরিবার