একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি : দুদু

গাইবান্ধা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর বিএনপির হাজার-হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে দলীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সত্যিকারের দল হিসেবে বিএনপিকে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এই সাংগঠনিক সভার আয়োজন করে। এসময় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
তিনি বলেন, তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার; তাতেই বাংলাদেশের মঙ্গল হবে। বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাই।
এ আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ অনেকে।
ভিওডি বাংলা/এম







