• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি প্রশাসকের আমন্ত্রণে নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ১০:৫৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের আমন্ত্রণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে নগর ভবনে। 

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই নগর ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে অংশ নিতে এসে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণে অংশ নেন।

১৯৭১ সালে সম্মুখসমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মো. শফিক আলী বলেন, এ ধরনের আয়োজন মুক্তিযোদ্ধাদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল করিম বলেন, স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে সম্মান জানানোর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়।

অন্যদিকে মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম বলেন, সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত হওয়ার এ আয়োজন আমাদের আবেগাপ্লুত করে। এখানে এসে আমরা মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করছি এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার সুযোগ পাচ্ছি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান উপভোগ করবেন। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের সুযোগও রাখা হয়েছে।

অনুষ্ঠানটি সরাসরি পর্যবেক্ষণ করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা তৈরি করতেই এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজসেবামূলক মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
সমাজসেবামূলক মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
রুখে দিতে হবে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে: মির্জা ফখরুল
রুখে দিতে হবে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে: মির্জা ফখরুল
মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে এ পর্যন্ত ৭৯৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে এ পর্যন্ত ৭৯৭ ফ্লাইট বাতিল