• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জ্বালানি তেলে প্রতিদিন সরকারের ভর্তুকি ১৬৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত) বলেছেন, এখন পর্যন্ত পৃথিবীর ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলেও জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। এখন পর্যন্ত পৃথিবীর ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি সরকার। জনগণের দুর্ভোগ কোনো কারণে যাতে না বাড়ে, সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে।

অনিন্দ্য ইসলাম আরও বলেন, সরকার আগামী এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি তেলের চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি ভবিষ্যতের জন্য ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে কার্যক্রমও শুরু হয়েছে।

জ্বালানির চাহিদা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দেশে আগে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকলেও ঈদের আগে তা বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টনে পৌঁছেছে। একইভাবে পেট্রল ও অকটেনের দৈনিক চাহিদা ছিল ১,২০০ থেকে ১,৪০০ টন।

সভাকক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানের শেষ পর্বে ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম। 

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা
কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয়
বিদ্যুৎমন্ত্রী নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয়