দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২৫ মার্চ পর্যন্ত ছুটি থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতি আরও দীর্ঘ হয়। ফলে রোববার থেকে কলেজগুলোতে আবার নিয়মিত পাঠদান শুরু হচ্ছে।
একই চিত্র দেখা গেছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরেও। সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি কাটিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটিও একই সময়সীমায় শেষ হয়েছে। ফলে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে কার্যক্রমে ফিরছে।
দীর্ঘ এই ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষের কার্যক্রম চালু রাখা হবে।
ভিওডি বাংলা/জা







