সমাজসেবামূলক মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শুধু ব্যবসার প্রতিষ্ঠান নয়—এগুলো সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লালবাগে ‘লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক প্রত্যাশা ব্যক্ত করে বলেন, লালবাগে নবউদ্বোধিত এই হাসপাতালটি সাধারণ ও দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করবে। উদ্বোধনী দিনটি এলাকার জন্য একটি শুভ দিন। যারা এই উদ্যোগ নিয়েছেন তারা ব্যবসার চেয়ে মানুষের সেবার দিকটিকে অগ্রাধিকার দিয়েছেন—এটা বিশ্বাস করতে চান তিনি।
তিনি আরও বলেন, আগে সমাজের বিত্তবানরা হাসপাতাল, রাস্তা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণে এগিয়ে আসতেন, এখন সে প্রবণতা তুলনামূলকভাবে কমে গেছে। তাই এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অর্থ মানুষের সব নয়; মানুষের খেদমত করার সুযোগ সবার ভাগ্যে আসে না। এ ধরনের প্রতিষ্ঠান মানুষের সেবার বড় সুযোগ তৈরি করে।
আবদুস সালাম প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে গরিব রোগীরা যাতে স্বল্পমূল্যে এবং প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর ধারাবাহিকতায় লালবাগ এলাকায় এ ধরনের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসা সুবিধা বাড়বে এবং তারা সরাসরি উপকৃত হবেন।
নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের দায়িত্বের কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে নিজ নিজ আঙিনা ও বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। সিটি কর্পোরেশন ড্রেনেজ পরিষ্কার করবে, তবে জনগণের সহযোগিতা ছাড়া নগরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। মহানগরকে ঝামেলামুক্ত, জঞ্জালমুক্ত, মশামুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের প্রশংসা করে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। এলাকার ড্রেনেজ সমস্যাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ডাক্তার বা ফার্মাসিস্ট ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা করা উচিত নয়। রক্ত, প্রস্রাবসহ সব ধরনের পরীক্ষা সঠিকভাবে করতে হবে, কারণ এগুলো মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।
শেষে “আমি বদলালে ঢাকা বদলাবে”—এই লক্ষ্য সামনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে। শৃঙ্খলার মাধ্যমে রিকশা, হকার ও যান চলাচল নিশ্চিত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ মো. হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/খতিব/এমএস







