প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা চলছে। এ অবস্থায় দলে অনুপ্রবেশ ঠেকাতে নবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
রিজভী বলেন, আওয়ামী দোসররা যেন কোনোভাবেই দলের ভেতরে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও দল থেকে বহিষ্কৃতদের এই নবায়নের আওতায় আসার সুযোগ নেই বলেও জানান তিনি।
আসলে আমরা নতুন করে নতুন সদস্য পদ গ্রহণ করছি না। ২০১৭ সালের ১লা জুলাই যে আমরা সদস্য পদ গ্রহণের কর্মসূচি গ্রহণ করেছিলাম। প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেটিই ছিল শেষ। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ করবো। নবায়নের মূল লক্ষ্য হলো, যারা আগে সদস্য ছিল তারাই তাদের পদটি কে নবায়ন করবে। সেই ক্ষেত্রে জেলা পর্যায়ে যে সব নেতা কর্মীরা আছে তারা জেলা পর্দায় ফরম সংগ্রহ করে, তিনটি কপি করবে, যার মধ্যে এক কপি সদস্যের কাছে থাকবে, এক কপি জেলা পর্যায়ে থাকবে এবং এক কপি কেন্দ্রীয় কার্যালয় থাকবে। সদস্য নবায়ন ফরম জেলা পর্যায়ে প্রেসিডেন্ট বা সেক্রেটারি একজনকে নিতে হবে বা দুইজনে যদি একজনকে মনোনীত করে তবে কার কাছে দেওয়া হবে অথবা জেলা কমিটির আহবায়ক সদস্য সচিবেরা এসে নিয়ে যাবে, এর বাইরে কারো হাতে ফরম দেওয়া হবে না।
রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু যায়গায় আওয়ামী কীটপতঙ্গেরা ঢোকার প্রবণতা দেখাচ্ছে বিএনপিতে। তারা যেন ঢুকতে না পারে এ ব্যাপারে জেলা গুলোকে আমরা খুব শক্ত নির্দেশনা দিচ্ছি, তারা সতর্ক থাকবেন। মূলত এ কারণেই এই সদস্য পদ নবায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা পূর্বে সদস্য ছিল কিন্তু কোন কারণে পদ থেকে বহিষ্কৃত হয়েছে, তারা সদস্য পদ নবায়ন করতে পারবে না।
ভিওডি বাংলা/দেবরাজ/এমএইচপি







