কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মূল্যের মাদক জব্দ

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব মালামালের মধ্যে ভারতীয় এলএসডি (LSD), ফেয়ারডিল সিরাপ, পাতার বিড়ি এবং ঔষধের অবৈধ চালান রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ৫৮৫ টাকা।
২৩ মার্চ দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই উচ্চমূল্যের মাদকের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
এছাড়া মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে পৃথক দুটি অভিযানে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির চৌকস টহল দলের সদস্যরা অংশ নেন।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ







