বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

বগুড়ায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুন্না বগুড়া সদরের ফাঁপোর খন্দকার পাড়ার মৃত চিকিৎসক ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোর স্কুলসংলগ্ন একটি দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তিনি দৌঁড়ে পাশের বড় ভাই মাহিদুল ইসলাম খন্দকারের বাড়িতে গিয়ে ঘটনার কথা জানান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মাহিদুল খন্দকার জানান, তার ভাই বিএনপির কর্মী ছিলেন এবং প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী। তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমার কোলে চার মাসের সন্তানসহ তিন সন্তান এখন পিতাহারা। আমি এ হত্যার বিচার চাই।’
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, পূর্ব শত্রুতার জের ও টাকা লেনদেনের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/আ. স. ম. জাকারিয়া/আ







