• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার বাতাসে কমেছে বায়ুদূষণ

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ১০:৪১ এ.এম.
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের জন্য শীর্ষ ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি হিসেবে পরিচিত ঢাকা। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান ছুটির সময় রাজধানীর বায়ুমানে সাময়িক উন্নতির চিত্র দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের চলাচল কমে যাওয়া, যানবাহনের চাপ হ্রাস এবং নির্মাণকাজ আংশিক বন্ধ থাকার কারণে এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের-এর তথ্যমতে, ১১৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ সময় সতর্ক থাকা প্রয়োজন।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কায়রো, যার স্কোর ১৬৯। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি (১৬৫), তৃতীয় স্থানে কাঠমান্ডু (১৬০), চতুর্থে হ্যাংজু (১৫৫) এবং পঞ্চম স্থানে রয়েছে করাচি (১৫২)।

বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। এই মানদণ্ড অনুযায়ী ঢাকার বর্তমান অবস্থা পুরোপুরি নিরাপদ না হলেও আগের তুলনায় কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ঈদের ছুটিতে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি রমজান মাসজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দৈনন্দিন চলাচলও কমে গেছে। ফলে সড়কে ধুলাবালি ও যানবাহনের ধোঁয়া-যা বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস-তা অনেকাংশে হ্রাস পেয়েছে।

এছাড়া নগরজুড়ে চলমান বিভিন্ন নির্মাণকাজও ছুটির কারণে আংশিক বন্ধ রয়েছে, যা বায়ুদূষণ কমাতে সহায়ক ভূমিকা রেখেছে। সাধারণত নির্মাণসামগ্রীর ধুলা বাতাসে ভেসে দূষণের মাত্রা বাড়িয়ে দেয়, তবে এই সময় তা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

তবে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই উন্নতি সাময়িক। ছুটি শেষে মানুষ আবার কর্মস্থলে ফিরলে, যানবাহনের সংখ্যা বাড়লে এবং নির্মাণকাজ পুরোদমে শুরু হলে বায়ুমান পুনরায় খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দীর্ঘমেয়াদে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, নির্মাণকাজে সঠিক নিয়ম মেনে চলা, শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ এবং সবুজায়ন বৃদ্ধি-এসব পদক্ষেপ গ্রহণ করা গেলে রাজধানীর বায়ুমান টেকসইভাবে উন্নত করা সম্ভব।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান