• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, সমাজে ইমামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জনগণ তাদের কথা বিশ্বাস করে। তাই জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ভবনে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য ও সুন্দর করতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। “এভাবে ঢাকা শহর চলতে পারে না—যেভাবে চলছে, এটাকে চলা বলা যায় না।”

তিনি আরও বলেন, ঢাকা শহরের রিকশা, বর্জ্য, ট্রাফিক, মশা, লাইটিংসহ নানা সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। “১০০ জনের কাজ একজনের পক্ষে কঠিন, কিন্তু সবাই যদি নিজের দায়িত্ব পালন করে, তাহলে কাজটি সহজ হয়ে যায়,” বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ধর্মেও বলা আছে—পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু নিজের পোশাক নয়, নিজের বাড়ি, আঙিনা ও আশপাশও পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, খুতবা ও নামাজের সময় ইমামদের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে, যাতে কেউ যত্রতত্র ময়লা না ফেলে, ড্রেন বন্ধ না করে এবং পলিথিন ব্যবহার কমায়।

অনুষ্ঠানে তিনি জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১ হাজার ৮৭০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা আরও বাড়ানোর আশাও ব্যক্ত করেন তিনি। তবে সিটি কর্পোরেশনের বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, “আমি বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। নির্বাচিত মেয়র হলে কাজের পরিধি আরও বাড়ে।” এ সময় তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে এবং নাগরিকরা দায়িত্বশীল হলে ২ থেকে ৩ বছরের মধ্যেই রাজধানীর চেহারা বদলে দেওয়া সম্ভব। রাস্তাঘাট উন্নত হবে, আরও ফ্লাইওভার হবে, শহরের আলোকসজ্জা বাড়বে। পুরান ঢাকার ঐতিহ্যও ফিরিয়ে আনা হবে।

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে যেন কেউ যত্রতত্র ময়লা না ফেলে এবং ড্রেন ও পানি চলাচলের পথ বন্ধ না করে। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
ঢাকার বাতাস ‘স্বাস্থ্যকর’
ঢাকার বাতাস ‘স্বাস্থ্যকর’
ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি
ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি