জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহৎ জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, ঈদের এই জামাতে জাতীয় সংসদের সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর বিশেষভাবে নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সবাইকে ওজু করে এবং নামাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা সামগ্রী সঙ্গে আনা যাবে না।
এছাড়া নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
ভিওডি বাংলা/এমএস







