ঈদযাত্রা নিরাপদ রাখতে র্যাবের ৩ স্তরের নিরাপত্তা

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করা ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকাগুলোতে জোরদার নজরদারির পাশাপাশি মাঠে নামানো হয়েছে একাধিক টিম।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় র্যাবের ৩২টি টিম নিয়মিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা বাড়াতে ছয়টি সিভিল টিমও কাজ করছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি আরও বলেন, ঈদের দিনসহ পরবর্তী সময় পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হবে। পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি চালানো হবে।
যাত্রীসেবার অংশ হিসেবে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলে সরাসরি বা ফোনে জানাতে পারবেন, এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঈদকে সামনে রেখে র্যাব তাদের অভিযানও জোরদার করেছে। সাম্প্রতিক অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। চলতি মাসে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দের পাশাপাশি মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদ উপলক্ষ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছাড়তে পারেন, ফলে অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে, বিশেষ করে রাতের নিরাপত্তা টহলে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস







