আজ পবিত্র শবেকদর, ইবাদত বন্দেগিতে পার হবে রাত

আজ পবিত্র শবেকদর। যা ইসলামের পরিভাষায় ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’।
তাই যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে শবেকদর পালনের সব প্রস্তুতি সম্পন্ন। ধর্মপ্রান মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম এই রাত পার করতে পারেন- তা নিশ্চিতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত এই রাতে ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। এই রাত ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান।
২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে।
‘শবেকদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবেকদর অর্থ হলো মর্যাদার রাত। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।
শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকাল ৫টা ৩৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে শবেকদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর মহিমা মণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
তিনি আরও লেখেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হবে।
পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।
ভিওডি বাংলা/আরআর







