নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাজনক: ইসি মাছউদ

জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের সক্রিয় উপস্থিতি এবং নির্বাচনকেন্দ্রে নারী কর্মকর্তাদের ভূমিকা সন্তোষজনক হলেও, প্রার্থী হিসেবে নারীদের অংশগ্রহণ এখনো খুবই কম এবং তা হতাশাজনক। এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, "গত নির্বাচনে আমরা দেখেছি নারী ভোটাররা জয়ের ক্ষেত্রে বড় ডিসাইডিং ফ্যাক্টর বা নির্ণায়ক হিসেবে কাজ করেছেন। এমনকি যেসব এলাকায় আগে নারীরা ভোট দিতে আসতেন না, সেখানেও বিপুল উপস্থিতি দেখা গেছে। কিন্তু প্রার্থী হিসেবে নারী মাত্র ০.৪ শতাংশ (বা ৪ শতাংশ), যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।"
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো ২০৩০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী সদস্য রাখা। আরপিও-র ৯০ (বি), (সি) এবং (জি) ধারার মাধ্যমে কমিশন নিয়মিতভাবে যাচাই করে দেখে দলগুলো এই লক্ষ্যমাত্রা কতটা পূরণ করছে। যদি কোনো দল শর্ত পূরণে ব্যর্থ হয়, কমিশন তাদের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে। তবে যেহেতু ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা আছে, তাই এই মুহূর্তে কোনো দলকে নিবন্ধন বাতিল করা হচ্ছে না। সময়সীমার পরে শর্ত পূরণে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সংসদ নির্বাচন শেষ হয়েছে, এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেখানে সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি পদেও নারীরা যেন বেশি সংখ্যায় প্রার্থী হন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আমরা আশা করি, নারী নেতৃত্ব ও উন্নয়নে যারা কাজ করছেন, তারা সাধারণ নারীদের আরও উৎসাহিত করবেন।"
ভিওডি বাংলা/এমএস







