• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি প্রশাসক:

ঈদের পর শুরু হবে জিয়া সরণি খাল পরিষ্কার ও সংস্কারের কাজ

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পি.এম.
শ্যামপুরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর সম্মতিতে ঈদের পরে জিয়া সরণি খালগুলো পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (১৫ মার্চ) রাজধানীর শ্যামপুর ৫৮ নম্বর ওয়ার্ডে ডিএসসিসির উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, জিয়া সরণি খাল একটি গুরুত্বপূর্ণ খাল। এ খাল সংস্কার ও পরিষ্কারের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। কারণ শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়, এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও সহায়তা প্রয়োজন। 

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব কমাতে এখন থেকেই নগরবাসীকে সচেতন করে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরকে ক্লিন ও গ্রিন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। কারণ জনগণ সচেতন না হলে মশার সমস্যা, পরিচ্ছন্নতার সমস্যা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান সম্ভব নয়। 

নগরবাসীর গাফিলতির কারণে কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রথমে জনগণকে সচেতন করা হবে। এ কাজে মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। 

তিনি বলেন, শুধু আইন বা পুলিশ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না; জনগণের সম্পৃক্ততা ও অংশগ্রহণ প্রয়োজন। তাই মশা নিধন কার্যক্রমেও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মশা নিধনের প্রচলিত পদ্ধতি-সকালে লার্ভিসাইডিং ও বিকেলে ফগিং-দীর্ঘদিন ধরে চললেও মশার সমস্যা পুরোপুরি কমেনি বলে স্বীকার করেন তিনি। 

এ বিষয়ে তিনি জানান, ঈদের পর একটি সেমিনারের আয়োজন করা হবে। সেখানে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হবে। ঢাকার ট্রাফিক, রিকশা ও মশা নিয়ন্ত্রণসহ বিভিন্ন নগর সমস্যার বিষয়ে মতামত নেওয়া হবে।

এসব মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশন ও নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরকে পরিষ্কার, সবুজ ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

এ সময় সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হওয়া কারখানা ছয় মাসের মধ্যে চালু
বন্ধ হওয়া কারখানা ছয় মাসের মধ্যে চালু
ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে
আবদুস সালাম: ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী