প্রধানমন্ত্রী :
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখে সারাদেশে ‘কৃষক কার্ড’ বিতরণের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে, এই কার্ডগুলো মাঠ পর্যায়ে বিতরণের কার্যক্রম বাংলা নববর্ষের দিন, ১৪ এপ্রিল থেকে শুরু হবে।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় তিনি জাতীয় সংসদ সচিবালয়ে এই বিশেষ প্রকল্প সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ভর্তুকি ও সহায়তা তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আধুনিক ডেটাবেস ও কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। বৈঠকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। পহেলা বৈশাখের উৎসবে এই কর্মসূচির উদ্বোধন দেশের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
ভিওডি বাংলা/জা






