• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

নাগরিকদের সচেতনতা ছাড়া ঢাকার সমস্যা সমাধান সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ পি.এম.
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া ঢাকার বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব নয়। সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না।

শনিবার (১৪ মার্চ) গেন্ডারিয়া ফরিদাবাদ মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশন একদিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও অন্যদিকে যদি আবার ময়লা–আবর্জনা ফেলা হয়, তাহলে সেটি সবার জন্যই সমস্যার সৃষ্টি করে। অনেক জায়গায় ড্রেন পলিথিন ব্যাগ দিয়ে বন্ধ হয়ে যায়, ফলে স্যুয়ারেজ ব্যবস্থাও অচল হয়ে পড়ে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে। “৫০–৫০ ভিত্তিতে কাজ করতে হবে—অর্ধেক দায়িত্ব জনগণের, অর্ধেক সিটি করপোরেশনের। তাহলেই আমরা সফলভাবে কাজ সম্পন্ন করতে পারব।”

তিনি আরও বলেন, এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে ময়লা পরিষ্কার করতে হবে। যারা আগে কমিশনার ছিলেন, নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন বা ভবিষ্যতে নির্বাচন করতে চান, তাদের নিজ নিজ এলাকার দায়িত্ব নিয়ে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মশার উপদ্রব থেকে বাঁচতে নাগরিকদের নিজেদের বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, কোথাও মশার বংশবিস্তার হচ্ছে কি না সেদিকে নজর রাখতে হবে। সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও দেওয়া হবে। কোথাও বেশি প্রয়োজন হলে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে লাইট পোল সচল রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। কোথাও স্ট্রিট লাইট বন্ধ থাকলে সিটি করপোরেশনে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

ময়লা–আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোথাও অতিরিক্ত টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “১০০ টাকার বেশি নেওয়া যাবে না—এটাই আইন ও নিয়ম,” বলেন তিনি।

সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করেছে এবং সমস্যাগুলো সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনগণের সহযোগিতা ও দোয়া নিয়ে তিনি নগরবাসীর পাশে থেকে সেবা করতে চান এবং আগামী মেয়র নির্বাচনে নগরবাসীর সমর্থন প্রত্যাশা করেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫
ভাষানটেকে নাগরিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভাষানটেকে নাগরিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম