• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ উপদেষ্টা ড. তিতুমীর

আগামী বৈশাখে কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পি.এম.
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

শনিবার (১৪ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, "আগামী পহেলা বৈশাখে দেশের প্রায় ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি আগামী ১৬ মার্চ থেকে খাল খনন কর্মসূচিও শুরু হবে। আপনারা জানেন ভোটে আঙুলের অমোচনীয় কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এসব কর্মসূচির সার্থকতা তখনই হবে যখন তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়িত হবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে, জনদুর্ভোগ কমবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।"

এসব লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে ইশতেহারে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়। একইসঙ্গে আগামী ১৮০ দিনের মধ্যে কয়েকটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা।

ড. তিতুমীর আরও বলেন, জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ মনজুর মোরশেদ।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের ধরণেও পরিবর্তন আনতে হবে। আগের সরকারের মতো সবকিছু চলবে না। কাজের পদ্ধতি, গতি ও দিকনির্দেশনায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে ঈটভাটায় ব্যাপক ক্ষতি
নবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে ঈটভাটায় ব্যাপক ক্ষতি
ঈদের কেনাকাটা: পঞ্চগড়ে বাজারে উৎসবের আমেজ
ঈদের কেনাকাটা: পঞ্চগড়ে বাজারে উৎসবের আমেজ
রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা
রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা