জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা যুদ্ধ উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রেক্ষাপটে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটি জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কিছু নয়। গত দুই দশক ধরে দেশটি নিয়মিতভাবে জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং কোরিয়া প্রণালীতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। এই ধারাবাহিক পরীক্ষার জেরে ২০০৬ সালে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তাতেও পিয়ংইয়ংকে থামানো যায়নি।
সম্ভাব্য উত্তর কোরিয়ান ক্ষেপণাস্ত্র হামলা থেকে মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতে দশ বছর আগে সেখানে থাড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ওয়াশিংটন সিউলকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়া থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হতে পারে।
এই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং বৃহস্পতিবার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সিউল সন্তুষ্ট নয়।
জুংআংয়ের প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/এমএস







