ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখতে ডিজিটাল পেমেন্ট সেবাগুলোও সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু রাখতে হবে এবং কোনো প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে বুথগুলোর নিরাপত্তা জোরদারের জন্য দায়িত্বরত পাহারাদারদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহকদের সুবিধার্থে পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
এছাড়া ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ এবং অ্যাকাউন্টভিত্তিক লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান—যেমন বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে লেনদেন যেন স্বাভাবিকভাবে চলতে পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেকোনো পরিমাণ লেনদেনের তথ্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানাতে হবে।
ভিওডি বাংলা/এমএস







