ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: চীন

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। চীনের পক্ষ থেকে এ নিয়োগকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের জানান, “ইরান তার সংবিধান অনুযায়ী নতুন নেতাকে বেছে নিয়েছে।”
নতুন নেতার বিষয়ে ইসরায়েলের হুমকির প্রসঙ্গ নিয়ে প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, “অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান থাকা উচিৎ।”
এ প্রসঙ্গে উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানের নতুন নেতাকে হত্যা হুমকি দেন।
সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, “ইরানের নতুন নেতা যেকোনো পরিস্থিতিতেই ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখলে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের প্রতি হুমকি তৈরি করলে এবং ইরানের জনগণকে শোষণ করলে তাকে নির্মূল করা হবে। তার নাম যাই হোক, এবং সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে হত্যা করা হবে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এবিসি নিউজকে বলেন, “যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তাকে আমাদের অনুমোদন নিতে হবে; না হলে তিনি বেশিদিন টিকবেন না।”
ভিওডি বাংলা/এমএস







