• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

   ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পি.এম.

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল উদ্দীন (৩০) নামের এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টায় বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮০ সাব পিলার ৭এর তেলকুপি মুড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে আন্তর্জাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এর কাছে তেলকুপি মুড়িয়া মাঠে গম খেতে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে উদ্দেশ্য করে গুলি করেন। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

গুলিবিদ্ধ হাবিল জানান, জমিতে পানি দিতে গিয়েছিলেন তিনি। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে। 

এসময় সঙ্গে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে জমিতে পানি দিচ্ছে তার দেবর। সেখানে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি তার দেবর মাদক চোরাকাবারি নয় দাবী করে বলেন, তার দেবর একজন কৃষক, কোন মাদক চোরাকারবারি নন।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, বিজিবির পাশাপাশি কয়েক দিন যাবৎ এলাকার সকলকে সন্ধ্যার পর সীমান্তে না যাওয়ার আহ্বান জানিয়ে আসছি। আজ ভোরে হাবিল গুলিবিদ্ধ হয়েছে। 

ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি। পরিবারের সদস্যরাও বলছে হাবিল গমের জমিতে পানিতে দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাকে গুলি করেছে। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস বার্তায় জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে; ৭ থেকে ৮ জন চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করে। এসময় বিএসএফ টহলদল তাদেরকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি করে। পরে বিজিবি সেখানে গেলে চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

পরবর্তীতে জানা যায়, হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়েছে। তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরও জানান, তেলকুপি বিওপির দায়িত্বে থাকা পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় কোন কৃষক অবস্থান করছিল না। এই ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী