হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি দুই সৈন্য নিহত

দক্ষিণ লেবাননে নতুন করে সংঘর্ষের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় দেশটির সামরিক বাহিনীর আরও একজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।
নিহত দ্বিতীয় সেনার পরিবারের সদস্যদের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে। তবে এখনো তার নাম প্রকাশ করা হয়নি।
এ ছাড়া সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি সামরিক যান উদ্ধারের জন্য রাতে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি সেনারা। এ সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই হামলায় দুই সেনা নিহত এবং একজন কর্মকর্তা আহত হন। ঘটনার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।
ভিওডি বাংলা/এমএস







