দেশে জ্বালানি নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

দেশে জ্বালানির মজুত ও দাম নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ সুখবর দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের তেল মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। অলরেডি আজ বেলা ১১ টায় একটা জাহাজ নোঙর করেছে। আরেকটা জাহাজও নোঙর করার কথা। জাহাজগুলো থেকে তেল ডেলিভারি করার পরে মজুদ আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই না যে, আমরা যত ইচ্ছে তত ব্যবহার করবো। রেশনিং পদ্ধতি আমরা চালিয়ে যাবো।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা একটা ভঙ্গুর এবং ঋণে জর্জরিত একটি বাংলাদেশ পেয়েছি। আমরা এমন এক সময়ে এসে সরকার গঠন করেছি, তার কয়েকদিন পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। জ্বালানির উৎপত্তিস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এখন প্রতিদিন আমাকে জবাবদিহি করতে হয়।
তিনি আরও বলেন, পেট্রোল পাম্পের পাশে বিশাল লাইন দেখা যায়। আমরা বলেছি-যেহেতু যুদ্ধ লেগেছে এবং যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে, সেখানে যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ কতদিন চলবে জানি না। তবে, আমার কাছে যে মজুদ আছে, সেটা সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহবান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি।
বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, সেহরি এবং তারাবির সময় কোনো লোডশেডিং হবে না। মাত্র ২০ দিন হয়েছে আমরা ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছি এবং ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। এর জন্য আমরা জনগণের সহযোগিতা চাই।
বিরোধীদল আতঙ্ক ছড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, হয়তো এই যুদ্ধের কারণে আমরা বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিবো। আমি গতকালকে আশ্বস্ত করেছি, আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না।
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আলোচনা সভাই আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন ও সংগঠনের সাধারণ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ভিওডি বাংলা/আরকেএইচ







