খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফার্সি ভাষায় করা এক পোস্টে এই সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ।
রোববার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের গতিবিধির ওপর নজর রাখছে ইসরায়েল। তারা কোথায় বৈঠকে বসবেন এবং কোথায় জড়ো হবেন—এসব তথ্য ইসরায়েলের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি খামেনির পর যিনি নেতৃত্বে আসবেন তাকেও হত্যা করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা দিতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে ট্রাম্প তাকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছিলেন, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে।
এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস







