আ’লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গৌরবময় মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না।
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধ ও সাত মার্চের ইতিহাসকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আওয়ামী লীগ তা ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে তারা মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। তাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।”
তিনি আরও বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে। আমরা শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তা অমান্য করেছে।”
নাহিদ ইসলাম ইঙ্গিত দেন, সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ থাকলেও, ১২ তারিখের অধিবেশনের আগে সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করা অপরিহার্য। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/আ







